বগুড়ায় জামায়াতের ডিজিটাল প্রচারণা গাড়ি: উৎসুক জনতার ভিড়

বগুড়ায় জামায়াতের ডিজিটাল প্রচারণা গাড়ি: উৎসুক জনতার ভিড়

ওয়াফিক শিপলু, বগুড়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আধুনিক ডিজিটাল প্রচারণার গাড়ি বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বগুড়ায় পৌঁছেছে। বেলা ১১টার দিকে দাঁড়িপাল্লা প্রতীক সংবলিত সুসজ্জিত গাড়িটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় পৌঁছালে এক নজর দেখতে সেখানে শত শত উৎসুক মানুষের ভিড় জমে যায়।

বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল প্রচারণার এই বিশেষ গাড়িতে চড়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা ডিজিটাল প্রচারণা দেখতে রাস্তার দুই পাশে সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়েন। শত শত নেতাকর্মী ও সমর্থক গাড়িটি ঘিরে ধরে শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসার জবাবে প্রার্থী আবিদুর রহমান সোহেল হাত নেড়ে শুভেচ্ছা জানান।

উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, “সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে, তার ঢেউ এখন বগুড়াতেও লেগেছে। বগুড়ার মানুষ বছরের পর বছর একটি নির্দিষ্ট দলকে ভোট দিয়ে শুধু অবহেলা ও বঞ্চনাই পেয়েছে। এবার তারা পরিবর্তন চায়। শহর থেকে গ্রাম—সর্বত্রই সেই পরিবর্তনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে।”

তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বগুড়াবাসী নতুন এক ইতিহাস রচনা করবে—ইনশাআল্লাহ।” বগুড়া শহরের প্রধান প্রধান এলাকাগুলোতে প্রচারণা শেষে ডিজিটাল প্রচারণার এই গাড়িটি উত্তরাঞ্চলের অন্যান্য জেলায় যাওয়ার উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করে।

মন্তব্য করুন