ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: নির্বাচনী প্রচারণাকালে নারীদের ওপর নগ্ন হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে রেকর্ড সংখ্যক নারীর অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সকাল থেকেই জেলা শহরের বাজার স্টেশন এলাকায় বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী একত্রিত হতে শুরু করেন। মিছিলটি বাজার স্টেশন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারী নারীরা নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান, হুমকি এবং নারীদের অবমাননাকর আচরণের বিরুদ্ধে স্লোগান দেন এবং জামায়াতের নির্বাচনী প্রতীক 'দাঁড়িপাল্লা' মার্কায় ভোট প্রার্থনা করেন।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাধারণ সম্পাদক সুলতানা ইয়াসমিন জেবা বলেন, “ভোট চাওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রচারণায় নামলে আমাদের রাস্তায় বের হতে বাধা দেওয়া হচ্ছে এবং ভোট দিতে না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
মিছিলটি দেখার জন্য রাস্তার দুই পাশে উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের মতে, সিরাজগঞ্জের ইতিহাসে ইতিপূর্বে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এত বড় নারী জমায়েত আর কখনো দেখা যায়নি। অনেক প্রত্যক্ষদর্শী জানান, এই বিশাল উপস্থিতি সিরাজগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের নারী শক্তির এক অনন্য বহিঃপ্রকাশ।
আয়োজকরা জানিয়েছেন, নারীদের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তাদের শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি অব্যাহত রাখবেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ