ফিলিপাইনে যাত্রীবাহী ফেরি ডুবি, নিহত ১৫, নিখোঁজ অন্তত ৪৩

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরি ডুবি, নিহত ১৫, নিখোঁজ অন্তত ৪৩

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরি ডুবি, নিহত ১৫, নিখোঁজ অন্তত ৪৩

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রুসহ একটি ফেরি ডুবে গেছে। আজ সোমবার স্থানীয় সময় ভোরে দুর্ঘটনা ঘটার পর এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৪৩ জন।

এছাড়া জীবিত অবস্থায় এ পর্যন্ত ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড বাহিনীর ডুবুরিরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ ও কোস্টগার্ড বাহিনীর বাসিলান শাখা এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রশাসনসূত্রে জানা গেছে, আজ স্থানীয় সময় ভোরের দিকে বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের ফেরিটি রওনা দিয়েছিল। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। কোস্টগার্ড ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানান, আপাতত তারা ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের মুখপাত্র রোনালিন পেরেজ বলেন, এখন পর্যন্ত ১৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উদ্ধার তৎপরতা জোরদারে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। রোনালিন আরও জানান, বর্তমানে কর্মীসংকট থাকলেও যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান চলছে এবং সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছে মিন্দানাও প্রাদেশিক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রায় ১১ কোটি ৬০ লাখ মানুষের দেশ ফিলিপাইনে ফেরি দুর্ঘটনা নতুন নয়। ২০২৩ সালে দক্ষিণ ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লেগে ৩০ জনের মৃত্যু হয়েছিল।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন