উপজেলা পরিষদের কক্ষ থেকে এসি-টিভি উধাও

উপজেলা পরিষদের কক্ষ থেকে এসি-টিভি উধাও

মানজুরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি অর্থে কেনা দুটি এসি ও একটি এলইডি টেলিভিশন উধাও হওয়ার অভিযোগ উঠেছে। চব্বিশের ৫ আগস্টের পরবর্তী সময়ে এই মালামালগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদের কক্ষে স্যামসাং ব্র্যান্ডের দুটি এয়ার কন্ডিশনার (এসি) ও একটি বড় এলইডি টেলিভিশন লাগানো ছিল। ৫ আগস্টের পর থেকে কক্ষটি তালাবদ্ধ ছিল। সম্প্রতি সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ প্রস্তুত করতে ওই কক্ষটি বরাদ্দ দেওয়া হয়। গত কয়েকদিন আগে কক্ষের তালা খুলে দেখা যায়, আসবাবপত্র থাকলেও এসি ও টেলিভিশনটি যথাস্থানে নেই।

এসি-টিভি গায়েবের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী অভিযোগ করেছেন, সাবেক চেয়ারম্যানের সিএ এই মালামাল সরিয়ে নেওয়ার সাথে জড়িত থাকতে পারেন। ওই সময় উপজেলা প্রশাসনে সাবেক ইউএনও জাকিয়া সুলতানা কর্মরত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান জানান, তিনি এই উপজেলায় নতুন যোগদানের পর কক্ষটি তালাবদ্ধই দেখেছেন। সরকারি মালামাল উধাও হওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন