কালীগঞ্জে শ্রমিক সংকটে লোকসানের শঙ্কায় কৃষকরা

কালীগঞ্জে শ্রমিক সংকটে লোকসানের শঙ্কায় কৃষকরা

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। তবে তীব্র শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে ধান ঘরে তোলা নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। একদিকে বৃষ্টির ভয়, অন্যদিকে শ্রমিকের চড়া দাম—এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট হয়ে কৃষকদের লাভের গুড় এখন লোকসানের মুখে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯ হাজার ৮১০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। তবে মাঠ পর্যায়ে কৃষকদের চিত্র ভিন্ন। শ্রমিক সংকটের কারণে প্রতি বিঘা ধান কাটতে বর্তমানে ৮ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। কৃষকদের দাবি, প্রতি বিঘা ধান চাষে গড়ে খরচ হচ্ছে ১৮ হাজার টাকা, কিন্তু বর্তমান বাজারমূল্য অনুযায়ী সেই খরচ ওঠানোই দায় হয়ে পড়েছে। বাজারে বর্তমানে প্রতি কেজি ধানের দাম মাত্র ২০ টাকার আশেপাশে।

কৃষকদের অভিযোগ, সেচ, সার ও বীজের দাম কয়েকগুণ বাড়লেও ধানের দাম বাড়েনি। অনেক জায়গায় সরকারিভাবে ধান ক্রয়ের মূল্য কেজিপ্রতি ৩৬ টাকা নির্ধারণের খবর শোনা গেলেও মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন নিয়ে অস্পষ্টতা রয়েছে। কৃষকরা মনে করছেন, সরাসরি তাদের কাছ থেকে সরকারিভাবে ধান কেনা না হলে মধ্যস্বত্বভোগীরাই লাভবান হবে, আর প্রকৃত কৃষকরা নিঃস্ব হবে।

টানা দুই দিনের বৃষ্টিতে নিচু জমির ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত ধান কাটতে না পারলে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন উপজেলার হাজারো কৃষক।

স্থানীয় সচেতন মহলের মতে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবিলম্বে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় নিশ্চিত করতে হবে। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজার নিয়ন্ত্রণ করা না হলে কৃষকরা ভবিষ্যতে ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন