পিরোজপুরে গাঁজা গাছসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে গাঁজা গাছসহ গ্রেপ্তার ২

শুভ সমদ্দার, স্টাফ রিপোর্টার (পিরোজপুর): পিরোজপুর পৌর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে গাঁজার গাছসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে পৌরসভার মাছিমপুর জামাইপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পিরোজপুর সদর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় হানা দেয়। এ সময় বাসার পাশের বাগান থেকে ৮টি সতেজ গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকে মাদকসেবনরত অবস্থায় রিফাত (২৬) ও আল আমিন (২৯) নামে দুই যুবককে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রিফাত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আউয়াল হাওলাদারের ছেলে এবং আল আমিন ওই বাসার ভাড়াটিয়া।

অভিযানের দায়িত্বে থাকা এসআই রাধা রমন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন স্বীকার করেছেন যে তিনি নিজের সেবনের জন্য ভাড়া বাসার পাশের বাগানে এই গাঁজা গাছগুলো লাগিয়েছিলেন। উদ্ধারকৃত গাছগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, "গাঁজা গাছসহ গ্রেপ্তারকৃতদের থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন