বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৮৩ রান।শুরুতে ওপেনার টিম রবিনসন রান আউটে ফিরলেও দ্বিতীয় উইকেটে কেতেন ক্লার্ক ও ড্যান ক্লিভারের ব্যাটে বড় সংগ্রহের পথে হাঁটে নিউজিল্যান্ড। দুজনই ৫১ রান করে সাজঘরে ফেরেন। ক্লিভার মাত্র ২৮ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। মাঝে আলোকস্বল্পতার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও পুনরায় শুরু হওয়ার পর অধিনায়ক নিক কেলি ৩৯ রানের কার্যকরী ইনিংস খেলেন। শেষ দিকে জশ ক্লার্কসন ২৭ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। তিনি ৪ ওভারে ৩২ রান খরচায় ২ উইকেট শিকার করেন। এছাড়া শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নেন। তরুণ পেসার রিপন মন্ডল কোনো উইকেট না পেলেও শেষ ওভারে মাত্র ৬ রান দিয়ে কিউইদের দুইশ’র নিচে আটকে রাখতে বড় ভূমিকা পালন করেন।

জয়ের সমীকরণ: নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ১৩৫। আজ জিততে হলে সেই রেকর্ড ভেঙে পাহাড়সম লক্ষ্য পাড়ি দিতে হবে লিটন বাহিনীকে।

এক নজরে নিউজিল্যান্ড ইনিংস: ১৮২/৬ (২০ ওভার); ক্লিভার ৫১, ক্লার্ক ৫১, কেলি ৩৯, ক্লার্কসন ২৭*; রিশাদ ২/৩২, মেহেদী ১/৩১, শরিফুল ১/৩৬।

মন্তব্য করুন