ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে উমা চন্দ্র (৫২) নামে এক পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত উমা চন্দ্র উপজেলার চকরাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে। তিনি লাঠিগঞ্জ বাজারে নিজের পানের দোকানেই রাতে ঘুমিয়ে ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে হঠাৎ তীব্র কালবৈশাখী ঝড় শুরু হলে বাজারের পাশে থাকা একটি পুরোনো বটগাছ উপড়ে সরাসরি উমা চন্দ্রের দোকানের ওপর পড়ে। এতে দোকানটি মুহূর্তেই বিধ্বস্ত হয়ে যায় এবং ভেতরে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বিধ্বস্ত দোকানের ভেতর থেকে এবং উপড়ে পড়া গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ