‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পালালো যুবক

‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পালালো যুবক

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে মাইক বাজিয়ে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার (২৭ এপ্রিল) সকালে মাইজদী শহরে এ ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাইক ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় দুটি মাইক ও অ্যামপ্লিফায়ার নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপস্থিত হন মো. আলো (৩৩) নামে এক যুবক। তিনি নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকার বাসিন্দা। কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তিনি মাইক্রোফোনে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন।

তালাবদ্ধ দলীয় কার্যালয়ের সামনে হঠাৎ স্লোগান শুরু হলে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। খবর পেয়ে সুধারাম থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের গাড়ি দেখার পরপরই ওই যুবক দ্রুত অটোরিকশা চালিয়ে পালিয়ে যান। পুলিশ ধাওয়া করেও তাকে ধরতে পারেনি, তবে ফেলে যাওয়া দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার জব্দ করেছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, “স্লোগান দেওয়া যুবক মো. আলোর কিছুটা মানসিক সমস্যা রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। আমরা ঘটনাস্থল থেকে মাইক ও সরঞ্জাম জব্দ করেছি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন