সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের হোতা গ্রেপ্তার

সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের হোতা গ্রেপ্তার

জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর চক্রের মূল হোতা বাকিরুলকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। রবিবার বিকেলে হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যপাড়া এলাকার নাটোর-বনপাড়া মহাসড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত বাকিরুল চড়িয়া মধ্যপাড়া গ্রামের দেলবার ফকিরের ছেলে। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, এই চক্রটি অত্যন্ত সুসংগঠিত। তারা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে কাজ করত। প্রথম পক্ষ এলাকা রেকি করত, দ্বিতীয় পক্ষ মাত্র ২০ মিনিটের মধ্যে ট্রান্সফরমার খুলে নিয়ে আসত এবং তৃতীয় পক্ষ সেগুলো দ্রুত বিক্রি করে দিত। বাকিরুল এই পুরো প্রক্রিয়ার সমন্বয়ক বা মূল হোতা হিসেবে কাজ করত।

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ট্রান্সফরমার চুরির কারণে বিদ্যুৎ সরবরাহ ও সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এতে কৃষকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছিলেন। বিভিন্ন সময় চক্রের অন্য সদস্যরা ধরা পড়লেও বাকিরুল পলাতক ছিল। তার বিরুদ্ধে এনায়েতপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত বাকিরুল এনায়েতপুর থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। র‍্যাব তাকে আটকের পর সলঙ্গা থানায় হস্তান্তর করেছে। আজ সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন