কটিয়াদীতে কবির ওপর সন্ত্রাসী হামলায় ৫ দিনেও গ্রেফতার নেই

কটিয়াদীতে কবির ওপর সন্ত্রাসী হামলায় ৫ দিনেও গ্রেফতার নেই

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামে রম্য কবি শেখ নজরুল ইসলাম (৫০) সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল শুক্রবার সকালে পূর্বশত্রুতার জেরে একই গ্রামের মুনসুর আলী (৪৫), ইন্নছ আলী (৪০) ও জিন্নত আলীসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে কবির ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় তাঁর বাম হাতের একটি আঙুল ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনায় কবির মেয়ে তাজমহল আক্তার নেভী বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে হামলার পাঁচ দিন পার হলেও এখনো কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার এতদিন পরেও আসামি গ্রেফতার না হওয়ায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন