যুক্তরাষ্ট্রে নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রে নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী নিখোঁজ

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রে নিখোঁজ হয়েছেন। গত পাঁচ দিন ধরে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও সহপাঠীদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (University of South Florida) স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। সহপাঠীদের তথ্যমতে, গত পাঁচ দিন আগে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যাওয়ার পর থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। বৃষ্টির পাশাপাশি ওই সহপাঠীর মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

নিখোঁজের বিষয়টি জানার পর ইউনিভার্সিটি পুলিশ ও স্টেট পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। ফোন ট্র্যাকিংয়ে সর্বশেষ অবস্থান ক্যাম্পাসের ভেতরে পাওয়া গেলেও এরপর আর কোনো ক্লু মেলেনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কাজ করছে। প্রয়োজনে এফবিআই-কে (FBI) তদন্তে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে কনস্যুলেট সূত্রে জানা গেছে।

বৃষ্টির পরিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার তাঁর সঙ্গে শেষ কথা হয়েছিল। এরপর থেকে কোনো যোগাযোগ নেই। এদিকে তাঁর সহপাঠী আকাশ স্মৃতি জানান, সময় যত বাড়ছে উৎকণ্ঠা তত বাড়ছে। তারা বৃষ্টির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

নোবিপ্রবির এসিসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেহা নুর রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, "শিক্ষার্থী নিখোঁজের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের। বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাকে দ্রুত খুঁজে বের করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন