কিশোরগঞ্জে অবৈধ ট্রাক্টরের দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা

কিশোরগঞ্জে অবৈধ ট্রাক্টরের দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা

সামসুজ্জামান সুমন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবাধে চলাচল করছে অনুমোদনহীন যানবাহন মাহিন্দ্রা ও ট্রাক্টর। বেপরোয়া গতিতে এসব যান চলাচলের কারণে উপজেলার বিভিন্ন সড়কে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে।

উপজেলার কেল্লাবাড়ী থেকে তেল পাম্প এবং কিশোরগঞ্জ থেকে মাগুড়া সড়কে প্রতিদিন শতাধিক ট্রাক্টর ও মাহিন্দ্রা চলাচল করছে। মূলত ইটভাটার মাটি, ইট এবং বালু পরিবহনে এসব যান ব্যবহৃত হচ্ছে। যদিও ট্রাক্টর ও পাওয়ার টিলার কেবল কৃষিকাজের জন্য অনুমোদিত, তবুও সড়ক-মহসড়কে এসব যানে পণ্য পরিবহন করা হচ্ছে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় চালকরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

অনুসন্ধানে জানা গেছে, চাড়ালকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি চক্র এসব যানবাহনের মাধ্যমে বিভিন্ন এলাকায় বিক্রি করছে। অল্প বয়স্ক ও অদক্ষ চালকরা দ্রুত গন্তব্যে পৌঁছানোর প্রতিযোগিতায় লিপ্ত হওয়ায় সাধারণ পথচারীরা চরম আতঙ্কে থাকেন। চালকদের দাবি, ড্রাইভিং লাইসেন্স করার খরচ জোগাড় করতে না পারা এবং বিকল্প কর্মসংস্থান না থাকায় তারা ঝুঁকি নিয়ে এসব যান চালাচ্ছেন।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, “অদক্ষ চালক ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর সজাগ থাকা প্রয়োজন।” কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, “বালু উত্তোলন ও অবৈধ যানবাহনের বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন