‘প্রতিপক্ষ দল চাইবে না নাহিদ রানাকে মোকাবিলা করতে’

‘প্রতিপক্ষ দল চাইবে না নাহিদ রানাকে মোকাবিলা করতে’

ক্রীড়া প্রতিবেদক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন নাহিদ রানা। কিউই ব্যাটারদের নাস্তানাবুদ করে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট তুলে নিয়েছেন এই তরুণ পেসার। নাহিদ রানার এমন বিধ্বংসী পারফরম্যান্সের পর এবার তাঁর বন্দনায় মাতলেন টাইগার পেস বোলিং কোচ শন টেইট।

টেইটের চোখে ‘অদম্য’ নাহিদ: বুধবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে শন টেইট বলেন, "সে যেভাবে বল করছে, তাতে কোনো প্রতিপক্ষই তাকে মোকাবিলা করতে চাইবে না। নাহিদ রানা যদি দলের বাইরে থাকে, তবে প্রতিপক্ষ দল বরং খুশিই হবে।" রানার ফিটনেস ও গতি নিয়ে মুগ্ধতা প্রকাশ করে তিনি আরও বলেন, "সে খুবই ফিট এবং একইসাথে দারুণ একজন অ্যাথলেট। তার গতির সাথে এই অ্যাথলেটিজম তাকে অনন্য করে তুলেছে।"

ওয়াকার ইউনুসের ছায়া: নাহিদ রানার বোলিংয়ের ধরনে পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুসের মিল খুঁজে পেয়েছেন টেইট। তিনি বলেন, "নাহিদকে দেখে আমার ওয়াকার ইউনুসের কথা মনে পড়েছে। একজন ফাস্ট বোলার শুরুতে উইকেট তুলে নিচ্ছে, আবার শেষে ইয়র্কারে টেল-এন্ডারদেরও ভোগাচ্ছে—এমন দৃশ্য দেখা সত্যিই আনন্দের।"

নিজের সঙ্গে তুলনা: নিজের ক্যারিয়ারের গতির সাথে নাহিদের তুলনা করতে গিয়ে টেইট বলেন, "সে দারুণ ফাস্ট বোলার, বিশেষ করে এই প্রচণ্ড গরমে যেভাবে বল করছে তা প্রশংসনীয়। আমি ওর চেয়ে অনেক বেশি ইনজুরিপ্রবণ ছিলাম। আমি একটু ভারি গঠনের ছিলাম বলে জোরে বল করতে কষ্ট হতো, কিন্তু নাহিদ লিকলিকে গড়নের। এটি তাকে আরও জোরে বল করতে এবং ভালো অ্যাথলেট হতে সহায়তা করে।"

উল্লেখ্য, গত ম্যাচে নাহিদ রানার করা দুর্দান্ত ইয়র্কারগুলো সবচেয়ে বেশি উপভোগ করেছেন বলে জানান এই অজি কিংবদন্তি। চনমনে নাহিদ রানাকে নিয়ে আসন্ন ম্যাচগুলোতে বড় প্রত্যাশা রাখছে টিম ম্যানেজমেন্ট।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন