ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিরোধীদলীয় ১১ দলীয় ঐক্য জোটের ১৩ প্রার্থীর মনোনয়নপত্রের প্রাথমিক বাছাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও তথ্যগত জটিলতার কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এই সিদ্ধান্ত দেন। মনিরা শারমিন তাঁর দাখিলকৃত নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য উল্লেখ করলেও কোন প্রতিষ্ঠানে এবং কতদিন চাকরি করেছেন—তার পূর্ণাঙ্গ বিবরণ দেননি। বিস্তারিত তথ্য না থাকায় বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
অনুসন্ধানে জানা গেছে, এনসিপি নেত্রী মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে যোগদান করেন এবং ২০২৫ সালে রাজনীতিতে যোগ দিতে ইস্তফা দেন। গণপ্রতিনিধি আদেশ (RPO) অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি সংসদ সদস্য পদে নির্বাচনের যোগ্য বলে বিবেচিত হবেন না। এই আইন অনুযায়ী, মনিরা শারমিনের মনোনয়নপত্র শেষ পর্যন্ত বৈধ হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
যদি মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হয়, তবে জামায়াত জোটের জন্য বরাদ্দকৃত ১৩টি আসনের একটি কমে যেতে পারে। আইন অনুযায়ী, কোনো জোটের নির্ধারিত আসনের চেয়ে প্রার্থী কম থাকলে সেই আসনটি উন্মুক্ত হয়ে যায়। এক্ষেত্রে নতুন তফসিলে নির্বাচন হলে বিএনপির সংসদীয় শক্তি বেশি হওয়ায় আসনটি তাদের অনুকূলে যেতে পারে। ফলে সংরক্ষিত নারী আসনে বিএনপির আসন ৩৬ থেকে বেড়ে ৩৭ হওয়ার সম্ভাবনা দেখছেন নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ