ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: ফেনী শহরে এক নারীকে অশালীন ইঙ্গিত ও যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুততম সময়ে আসামিকে আইনের আওতায় আনায় স্থানীয় সচেতন মহলে ফেনী পুলিশের তৎপরতা বেশ প্রশংসিত হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ফেনী শহরের মাস্টারপাড়া এলাকার সোবহান মঞ্জিলের সামনে এক নারী ব্যাটারিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্ত চালক তাঁকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য শুরু করে। ভুক্তভোগী নারী এর প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তি আরও বেপরোয়া হয়ে ওঠে এবং জনসম্মুখেই চরম অশালীন ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শন করে।
ঘটনার সময় ভুক্তভোগী তাঁর মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় ২২ এপ্রিল ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-৩৭/২১৩) দায়ের করা হয়।
ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলামের নির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পারসিত চাকমা আসামিকে শনাক্ত করেন। পরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অভিযুক্ত মো. রুবেল খান ওরফে ‘হাতকাটা রুবেল’ (৩০)-কে গ্রেফতার করা হয়। রুবেলের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে হলেও তিনি বর্তমানে ফেনীর পূর্ব উকিলপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থান ভবিষ্যতে বজায় থাকবে বলেও জানানো হয়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ