ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সরকার নির্ধারিত ফি আদায়কে কেন্দ্র করে কর্তব্যরত নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই নার্স আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনদের কাছে সরকারি নিয়ম অনুযায়ী ‘পেয়িং বেড’-এর নির্ধারিত ফি পরিশোধের অনুরোধ করেন কর্তব্যরত নার্স। এ নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে নার্সদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত স্বজনরা নার্সদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে আরও দুইজন আহত হন। পরবর্তীতে হাসপাতালের অন্যান্য স্টাফ ও নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, “পেয়িং বেডের নির্ধারিত ফি চাওয়াকে কেন্দ্র করে দুই জন নার্সের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব হোসেন এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।” সরকারি দায়িত্ব পালনকালে স্বাস্থ্যকর্মীদের ওপর এমন হামলায় হাসপাতাল কর্তৃপক্ষ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। অন্য একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ