ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় মফিজ উদ্দিন ফারুক নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তমরদ্দি বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে তমরদ্দি বাজার এলাকায় যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় “বেলায়েত মটর পার্টস” নামক দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৮ ব্যারেল বা প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মফিজ উদ্দিন ফারুক উপজেলার তমরদ্দি ইউনিয়নের খিরদিয়া গ্রামের মৃত রফিকুল হায়দারের ছেলে। অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রির অভিযোগে তাঁকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, জব্দকৃত ডিজেল ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ