বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আকাশপথে যাত্রীসেবার পরিধি ও সক্ষমতা বাড়াতে ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার পাশাপাশি কিছু বিমান লিজ নেওয়ার বিষয়ে এয়ারবাসের সঙ্গে আলোচনা চলছে। আজ বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান লিজ নেওয়ার চিন্তা চলছে ও এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা নেওয়া হয়েছে। তবে বহরে সক্ষমতা বাড়াতে কিছু বিমান স্থায়ীভাবে কিনতে হবে। উড়োজাহাজ ক্রয়ের বিষয়ে অন্তর্বর্তী সরকারের তৈরি করা একটি খসড়া বা ‘রাফ ড্রাফট’ রয়েছে; সে ব্যাপারে আগামী ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ১৪টি বোয়িং কেনার পাশাপাশি এয়ারবাসের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। মূলত মিক্সড ফ্লিট করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, দুই থেকে তিন মাসের জন্য বিমান লিজ নিয়ে বহর বাড়িয়ে আমরা প্রতিষ্ঠানটিকে লাভজনক করার চেষ্টা করছি। ইতোমধ্যে গত দুই মাসে আমরা কিছুটা লাভের মুখ দেখেছি।

টোকিওতে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী জুন মাস থেকে ঢাকা-টোকিও রুটে সরাসরি ফ্লাইট চালু হবে। সেখানে কতটি স্লট দেওয়া যায় সেটি নিয়ে কাজ চলছে। রুটটি লাভজনক হলে ভবিষ্যতে স্লটের সংখ্যা আরও বাড়ানো হবে। হজযাত্রী পরিবহণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, হজ ফ্লাইট এখন পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিয়মিত চলছে। আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন