ঘোড়াঘাটে কার্ড ছাড়া তেল বিক্রি করায় জরিমানা

ঘোড়াঘাটে কার্ড ছাড়া তেল বিক্রি করায় জরিমানা

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি নির্দেশনা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়াই অনিয়মতান্ত্রিকভাবে তেল বিক্রির দায়ে ‘মেসার্স সাধনা ফিলিং স্টেশন’ নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বুধবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার সাধনা ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে দেখা যায়, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফুয়েল কার্ড ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি তা অমান্য করে বিপুল পরিমাণ ডিজেল বিক্রি করছিল।

অভিযানের শুরুতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অনিয়মের বিষয়টি অস্বীকার করার চেষ্টা করলেও পরে তা হাতেনাতে প্রমাণিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন জানান, নিয়ম বহির্ভূতভাবে তেল বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং জ্বালানি খাতের শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এ ধরনের তদারকি ও কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করতে সতর্ক করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন