গাঁজা পাচারের সময় নারীসহ আটক ২

গাঁজা পাচারের সময় নারীসহ আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক অটোরিকশা চালককে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একটি চৌকস দল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় পাথরডুবি ইউনিয়ন থেকে আসা একটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে অটোরিকশায় থাকা সুপারি বোঝাই বস্তার ভেতর থেকে সাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে মাহমুদা বেগম নামে এক নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি সুপারি ভর্তি বস্তার আড়ালে মাদক নিয়ে ভুরুঙ্গামারী থেকে বাসযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মাদক পরিবহনে সহযোগিতার দায়ে অটোরিকশা চালককেও আটক করেছে পুলিশ।

ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে পুলিশের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন