ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইসলাম ও জীবন ডেস্ক: ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ। এটি কেবল একটি ইবাদত নয়, বরং একটি বিশাল আন্তর্জাতিক ব্যবস্থাপনা। ২০২৬ সালের হজকে সামনে রেখে বাংলাদেশ থেকে ইতিমধ্যে হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র এই ইবাদতে অংশ নিচ্ছেন। হজ যাত্রা নির্বিঘ্ন ও সহজ করতে হজযাত্রীদের জন্য কিছু জরুরি নির্দেশনা ও নিয়মাবলি মেনে চলা আবশ্যক।
১. মেডিকেল ফিটনেস ও স্বাস্থ্য সতর্কতা: এ বছর মেডিকেল ফিটনেসের বিষয়ে কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। গুরুতর হৃদ্রোগ, ক্যানসার, লিভার সিরোসিস বা কিডনি রোগীদের জন্য হজে যাওয়া নিষিদ্ধ। দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের প্রেসক্রিপশনসহ অন্তত ৫০ দিনের ওষুধ সাথে রাখতে হবে।
২. পাসপোর্ট ও ভিসা: হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত থাকতে হবে। ই-হজ সিস্টেম বা এজেন্সির মাধ্যমে সংগ্রহ করা ভিসার কপি সবসময় সঙ্গে রাখা বাধ্যতামূলক।
৩. লাগেজ ব্যবস্থাপনা:
ওজন: সর্বোচ্চ ৪৬ কেজি (দুটি ব্যাগে ২৩ কেজি করে) চেকইন লাগেজ এবং ৭ কেজির একটি কেবিন ব্যাগ বহন করা যাবে।
তথ্য: ব্যাগের গায়ে ইংরেজি হরফে নাম, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর লিখে রাখতে হবে।
জরুরি সরঞ্জাম: কেবিন ব্যাগে ইহরামের কাপড় ও অতি প্রয়োজনীয় ওষুধ রাখা বুদ্ধিমানের কাজ।
৪. আর্থিক প্রস্তুতি: প্রতিদিন খাবারের জন্য আনুমানিক ৩৫ সৌদি রিয়াল খরচ হতে পারে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সঙ্গে রাখতে হবে।
৫. নুসুক কার্ড ও পরিচয়পত্র: সৌদি আরবে পৌঁছানোর পর নুসুক কার্ড, মোয়াল্লেম কার্ড এবং পরিচয়পত্র সবসময় সাথে রাখতে হবে। নুসুক কার্ড ছাড়া বাইরে বের হওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ।
৬. দলগত শৃঙ্খলা: হজ মূলত একটি দলগত ইবাদত। তাই একাকী চলাফেরা না করে গাইড বা মোয়াল্লেমের নির্দেশনা মেনে চলতে হবে। পথ হারিয়ে ফেললে ‘লাব্বাইক’ অ্যাপ বা হটলাইন নম্বরের সাহায্য নিন।
নিষিদ্ধ দ্রব্য: নেশাজাতীয় দ্রব্য, তামাকজাত পণ্য, পচনশীল বা রান্না করা খাবার বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
আইন-শৃঙ্খলা: সৌদি আরবে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, বিক্ষোভ বা অনৈতিক কাজে লিপ্ত হওয়া যাবে না।
জমজম পানি: ফেরার সময় ব্যক্তিগত লাগেজে জমজম পানি বহন করা যাবে না। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে প্রত্যেককে ৫ লিটার পানি প্রদান করা হবে।
অতিরিক্ত ওজন: ফেরার ফ্লাইটে নির্ধারিত ওজনের বেশি লাগেজ বহন থেকে বিরত থাকতে হবে।
হজযাত্রীদের সুবিধার্থে ঢাকা থেকেই ইমিগ্রেশন ও বোর্ডিং সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। যথাযথ প্রস্তুতি ও নিয়ম মেনে চললে হজ পালন হবে আরও সহজ ও বরকতময়।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ