বানিয়াচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭ দোকান ভস্মীভূত

বানিয়াচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭ দোকান ভস্মীভূত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। 

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। একপর্যায়ে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর মসজিদের মাইকে প্রচার করা হলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনের লেলিহান শিখায় ৩টি মুদি দোকান, একটি ইলেকট্রনিক্স দোকানসহ মোট ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, ব্যবসায়ীরা কোনো মালামালই সরিয়ে নিতে পারেননি। ক্ষতিগ্রস্তদের দাবি, সব মিলিয়ে প্রায় ৮০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।

বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, সড়কপথে যাতায়াতের প্রতিবন্ধকতার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো পৌঁছাতে পারেনি। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন