ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ নারী দল। তবে জয়ের সেই ধারা দ্বিতীয় ম্যাচে ধরে রাখতে পারল না নিগার সুলতানা জ্যোতির দল। রাজশাহীতে সফররত শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে সিরিজে সমতায় ফিরল টাইগ্রেসরা। আগামী শনিবার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল।
লঙ্কানদের ব্যাটিং ও নাহিদার লড়াই: ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫ রানেই হাসিনি পেরেরাকে হারায় শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আতাপাত্তু শুরু থেকেই ছিলেন আগ্রাসী। ৩৯ বলে ৪০ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন তিনি। তবে চতুর্থ উইকেটে হারশিথা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নের ৭৭ রানের জুটি লঙ্কানদের জয়ের ভিত গড়ে দেয়। সামারাবিক্রমা করেন ৫০ রান এবং করুনারত্নের ব্যাট থেকে আসে ৪০ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার একাই লড়েছেন। তিনি সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করলেও দলের হার এড়াতে পারেননি। এছাড়া সুলতানা খাতুন ও রিতু মনি ১টি করে উইকেট নেন।
টাইগ্রেসদের ব্যাটিং বিপর্যয়: এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৪ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১০১ বলে ৫৮ রানের লড়াকু ইনিংস খেলে দলকে দেড়শ পার করতে সাহায্য করেন তিনি। এছাড়া শারমিন সুলতানা ২৫ ও নাহিদা আক্তার ২০ রান করেন। লঙ্কান বোলারদের তোপে শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ।
সিরিজ এখন ১-১ সমতায়। এখন সবার নজর শনিবারের অলিখিত ফাইনালের দিকে, যেখানে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ