গ্যাসের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে জরিমানা

গ্যাসের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে জরিমানা

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: নির্ধারিত দামের তোয়াক্কা না করে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে ৩৬০ টাকা অতিরিক্ত আদায় করায় ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে সদর উপজেলার কালিবাড়ি এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এ সময় ওই এলাকার খুচরা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড সেনিটারি’-তে মূল্যের অসঙ্গতি পাওয়া যায়।

তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি ১২ কেজি এলপিজি গ্যাস সরকার নির্ধারিত ১ হাজার ৯৪০ টাকার পরিবর্তে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করছে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে সাধারণ গ্রাহকের কাছ থেকে ৩৬০ টাকা বেশি হাতিয়ে নেওয়া হচ্ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানের মালিক এনামুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন