সোনারগাঁওয়ে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ২

সোনারগাঁওয়ে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ২

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পৃথক অভিযানে ৪ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা সংলগ্ন আষারিয়ারচর এলাকায় যানবাহনে তল্লাশি চালায় পুলিশের একটি দল। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী ‘এশিয়া লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে রুহুল আমিন (২৭) নামে এক যুবককে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। রুহুল আমিন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার চান্দোলা গ্রামের গাজী সরকারের ছেলে।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাবিবপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম ওরফে রবিনকে (৩৫) ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। রবিন পিরোজপুর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের মো. আব্দুল হাশেমের ছেলে। তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার সকালে পুলিশ পাহারায় তাঁদের নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সোনারগাঁও গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন