পদ্মায় সন্ত্রাসীদের হামলায় ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

পদ্মায় সন্ত্রাসীদের হামলায় ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

মো. হাসান ইসলাম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল দেওয়ার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল নিয়মিত টহলের অংশ হিসেবে পদ্মা নদীতে অভিযানে ছিল। রাত দেড়টার দিকে তাদের নৌকাটি কুষ্টিয়ার হরিপুর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। আকস্মিক এই হামলার মুখে পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে।

সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহত অন্য সদস্যরা হলেন— পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে। বাকিরা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, "নিয়মিত টহল চলাকালীন সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। অপরাধীদের শনাক্ত করতে এলাকায় বিশাল পরিসরে অভিযান শুরু হয়েছে।" প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো জলদস্যু বাহিনী বা মাদক চোরাকারবারি চক্র এই হামলার সাথে জড়িত থাকতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন