ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রিপন খান রবিন, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে এলাসিন শামসুল হক সেতুর স্থায়ীভাবে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে ‘নাগরপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে এলাসিন শামসুল হক সেতুতে টোল আদায়ের ফলে স্থানীয় চালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমান প্রেক্ষাপটে এই টোল আদায় অযৌক্তিক। তাই জনস্বার্থে অনতিবিলম্বে এই সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধ করার জন্য তারা প্রশাসনের কাছে জোর দাবি জানান।
টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ফাহাদ আহমেদের সভাপতিত্বে এবং নাগরপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম ফরিদুজ্জামান কোহিনুর, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সাদিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুর রহমান মনির প্রমুখ।
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন স্তরের সাধারণ মানুষ এবং ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ