আধিপত্যের লড়াইয়ে রণক্ষেত্র মাদারীপুর

আধিপত্যের লড়াইয়ে রণক্ষেত্র মাদারীপুর

নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুর শহরের চরমুগরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নয়াচর এলাকায় এই সংঘর্ষে মুহুর্মুহু ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরমুগরিয়া নয়াচর এলাকার ফারুক বেপারী (ফারুক মেম্বার) এবং পান্নু মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি হামলায় লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালীন বেশ কিছু হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় সড়কে ব্যারিকেড দেওয়ায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফারুক মেম্বার অভিযোগ করে বলেন, “পান্নু মোল্লার লোকজন অতর্কিতভাবে আমাদের ওপর আগে হামলা চালায়। প্রতিবাদ করলে তারা আরও লোক জড়ো করে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে।”

অন্যদিকে পান্নু মোল্লা পাল্টা অভিযোগ করে বলেন, “ফারুক পক্ষ এলাকায় প্রভাব বিস্তার করতে আমাদের লোকজনকে দীর্ঘ দিন ধরে নির্যাতন করছে। তারা পুনরায় হামলা চালালে এই পরিস্থিতির সৃষ্টি হয়।”

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, “দীর্ঘদিনের বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পুনরায় যেন এমন ঘটনা না ঘটে সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন