ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন না পেলেও দমে যাননি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বরং এই অভিজ্ঞতা তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। মনোনয়নবঞ্চিত হওয়ার পর যেখানে শোবিজের অনেক তারকা ক্ষোভ প্রকাশ করছেন, সেখানে চমক দেখা দিলেন ইতিবাচক ও লড়াকু রূপে।
পরাজয় উদ্যাপন ও ভবিষ্যৎ পরিকল্পনা: সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি প্রকাশ করে চমক জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে তিনি এখন থেকেই দলের হয়ে কাজ শুরু করেছেন। এক লাইভে এসে ট্রলকারীদের কড়া জবাব দিয়ে তিনি বলেন, "আমি আমার পরাজয়কে উদ্যাপন করছি। আমি আরও দুইশ বার ফেল করব, দুইশ বার ট্রাই করব। যারা মনে করছো ট্রল করে আমাকে বসিয়ে রাখবা, তারা ভুল ধারণায় আছো। এটা আমার কেবল শুরু।"
দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা: মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে চমক অত্যন্ত পরিপক্কতার পরিচয় দিয়েছেন। তিনি বলেন, "যাঁরা যোগ্য এবং দীর্ঘদিন দলকে সেবা দিয়েছেন, তাঁরাই সঠিক মূল্যায়ন পেয়েছেন। এখানে আমার অখুশি হওয়ার কিছু নেই। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।"
রাজনীতিতে থিতু হওয়ার লক্ষ্য: চমক জানান, তাঁর মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করার পাশাপাশি বাঙালি সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার স্বপ্ন দেখেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে তিনি সরাসরি জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নেবেন। "খেলা তো মাত্র শুরু হলো,"—এমন মন্তব্য করে তিনি বুঝিয়ে দিয়েছেন, বিনোদন জগতের পাশাপাশি রাজনীতির মাঠেও লম্বা রেসের ঘোড়া হতে চান তিনি।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ