ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে হামলা, শিক্ষকদের শাসানো এবং অফিস কক্ষে তালা দেওয়ার ঘটনায় ৬ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।
আজ (২২ এপ্রিল) বুধবার সকালে উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কঠোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আজীবন বহিষ্কৃতরা হলেন—গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আওয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসমত আলী হাসু, সদস্য মো. আরমান আলী, মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে এই নেতাকর্মীরা দলবল নিয়ে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করেন। দাওয়াত না পাওয়ার অজুহাতে তাঁরা শিক্ষকদের সঙ্গে চরম অপেশাদার ও সন্ত্রাসমূলক আচরণ করেন এবং একপর্যায়ে বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের এমন কর্মকাণ্ড দলের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "দলে কোনো বিশৃঙ্খলাকারী বা সন্ত্রাসীর স্থান নেই। অভিযোগ প্রমাণিত হওয়ায় এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ