ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে দুই ব্যবসায়ীর আজন্ম লালিত স্বপ্নের প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে গেছে সব। শনিবার (১৭ জানুয়ারি) রাতে শহরের দুধসরা সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন চটের বস্তা ও পুরোনো কাগজের ব্যবসায়ী এবং অপরজন ফুসকা-চটপটির দোকানদার। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশ, কাঠ ও টিন দিয়ে নির্মিত পাশাপাশি অবস্থিত দোকান দুটির একটি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দুটি প্রতিষ্ঠানেই।
খবর পেয়ে কোটচাঁদপুর ও মহেশপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকান দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। চটের বস্তা ও পুরোনো কাগজের ব্যবসায়ী তৌহিদ অভিযোগ করেছেন, এই অগ্নিকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তিনি দাবি করেন, এর আগে ২০২১ সালেও একইভাবে তার দোকানে আগুন দেওয়া হয়েছিল, কিন্তু তখন বিচার চেয়েও কোনো প্রতিকার পাননি। ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে অন্য এক ব্যবসায়ী তাকে একদিন আগে হুমকি দিয়েছিলেন বলে উল্লেখ করে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তৌহিদ জানান, এই আগুনে তার প্রায় ২২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এদিকে ফুসকা দোকানদার সাজ্জাদ হোসেন কান্নায় ভেঙে পড়ে বলেন, গত চার বছরে এ নিয়ে দুইবার তার দোকান পুড়ল। পূর্বের অগ্নিকাণ্ডের পর বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি নতুন করে ব্যবসা শুরু করেছিলেন। ঋণের বোঝা মাথায় নিয়ে এখন তিনি পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন। কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হাসেম জানান, ঘটনাস্থলের আশেপাশে পানির পর্যাপ্ত উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা হতে পারে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ