ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইয়াকুব আলী, আলীকদম প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে ‘আলীকদমের সর্বস্তরের সচেতন জনসাধারণ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে হামলাকারী জাফর আলম ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় আলীকদম থানা ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পাহাড়ি ও বাঙালি নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত জাফর আলম জানালী পাড়া ও মেনিংচর এলাকায় দীর্ঘদিন ধরে ম্রো জনগোষ্ঠীর জুমচাষের ফসল চুরি ও দখলদারিত্ব চালিয়ে আসছিলেন। সম্প্রতি এর প্রতিবাদ করায় ম্রো জনগোষ্ঠীর নিরীহ মানুষের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের মাঝে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। বক্তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি মূল অভিযুক্তসহ জড়িতদের আইনের আওতায় আনা না হয়, তবে আলীকদমের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে রাজপথ অবরোধসহ বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে আলীকদম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ৩ নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাদশা, বাবু পাড়া রিজার্ভ মৌজার হেডম্যান উক্যজাই মার্মা, আলীকদম ম্রো অর্গানাইজেশন কমিটির সভাপতি সেথং ম্রো এবং পিসিজেএসএস নেতা পূর্ণসেন তঞ্চঙ্গ্যাসহ ম্রো জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
এ বিষয়ে আলীকদম থানা পুলিশ জানিয়েছে, ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলার প্রধান আসামি জাফর আলমসহ পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ