আলফাডাঙ্গায় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের প্রধান গ্রেফতার

আলফাডাঙ্গায় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের প্রধান গ্রেফতার

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় শত শত বছরের প্রাচীন ও দুর্লভ প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের মূর্তিসহ আন্তঃজেলা পাচারকারী চক্রের প্রধান আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-১০। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ১১৮ দশমিক ৬০ কেজি এবং উচ্চতা ৪৯ ইঞ্চি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে নিশ্চিত করেছে বাহিনীটি। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে আলফাডাঙ্গা থানাধীন বুরাইচ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দাম শেখ বুরাইচ গ্রামের আকবর হোসেন শেখের ছেলে।

র‍্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে ফরিদপুর ও আশপাশের এলাকায় মজুত করছিল। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, চক্রটি এই মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি দেশের বাইরে পাচারের পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এবং রোববার বিকেলে বুরাইচ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ সাদ্দামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে তার সহযোগীদের সহায়তায় অবৈধভাবে এসব মূর্তি সংগ্রহ করে পাচার করত।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক ও চুরিসহ মোট ৮টি মামলা রয়েছে। এছাড়া সে একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। অভিযান শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক সম্পদটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রাচীন কষ্টিপাথরের মূর্তি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন শিল্পকলার গুরুত্বপূর্ণ স্মারক। এসব নিদর্শনের অবৈধ পাচার দেশের ইতিহাসের অপূরণীয় ক্ষতি সাধন করে। র‍্যাবের এই সফল অভিযানে স্থানীয় সচেতন মহলের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তারা দেশের প্রত্নসম্পদ রক্ষায় ভবিষ্যতে আরও কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন