কুমিল্লা-৬: দলীয় প্রার্থীর সাথে বৈঠকে মিলিত হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

কুমিল্লা-৬: দলীয় প্রার্থীর সাথে বৈঠকে মিলিত হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

মোহাম্মদ আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার: রাজনৈতিক দ্বিধাবিভক্তি ভুলে একই ফ্রেমে দেখা গেছে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তের পর শনিবার রাতে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হাজী ইয়াছিনের মালিকানাধীন আরকু ফ্যাক্টরিতে কুমিল্লার রাজনীতিতে বর্তমানে আলোচিত এই দুই নেতার দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক চলাকালে সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টার দিকে হাজী ইয়াছিন ও তার সহযোগীরা কার্যালয়ে বসেন এবং পরবর্তী সময়ে রাত সোয়া ৯টার দিকে এককভাবে সেখানে প্রবেশ করেন মনিরুল হক চৌধুরী। রাত সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই বৈঠকে নির্বাচন ও স্থানীয় রাজনীতির নানা সমীকরণ নিয়ে দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, সদর আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং হাজী আমিন উর রশিদ ইয়াছিন সাহেবের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দলীয় সাংগঠনিক কাঠামো নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা একমত হয়েছি যে, আগামী নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকের এই বৈঠকের পর থেকে উভয় নেতার সমর্থকদের মধ্যে আর কোনো দ্বিধাবিভক্তি থাকবে না। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমিন উর রশিদ ইয়াছিন সাহেব কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন ৬টি সংসদীয় আসনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, যার মধ্যে সদর আসনও অন্তর্ভুক্ত। এ সময় মনিরুল হক চৌধুরী প্রত্যাশা ব্যক্ত করেন যে, হাজী ইয়াছিনের অভিজ্ঞ নেতৃত্বে নির্বাচনী কার্যক্রম আরও বেগবান হবে এবং সাংগঠনিক শক্তি নিয়ে তারা জয়ের লক্ষ্যে এগিয়ে যাবেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন