শ্রীপুর রেলস্টেশনে তিন বছর পর ব্রহ্মপুত্র এক্সপ্রেস যাত্রাবিরতি শুরু

শ্রীপুর রেলস্টেশনে তিন বছর পর ব্রহ্মপুত্র এক্সপ্রেস যাত্রাবিরতি শুরু

শ্রীপুর রেলস্টেশনে তিন বছর পর ব্রহ্মপুত্র এক্সপ্রেস যাত্রাবিরতি শুরু

মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: টানা তিন বছরের পরিশ্রম ও দীর্ঘদিনের আন্দোলনের ফলস্বরূপ গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি শুরু করেছে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস। রবিবার (১৮ জানুয়ারি) সকালে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রেনটির প্রথম আনুষ্ঠানিক যাত্রাবিরতি কার্যক্রম শুরু হয়।

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় শ্রীপুরসহ আশপাশের এলাকার যাত্রীদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা গেছে। এতদিন দূরপাল্লার আন্তঃনগর ট্রেনে ওঠানামার জন্য যাত্রীদের জয়দেবপুর স্টেশনে যেতে হতো। এখন থেকে তারা নিজ এলাকা থেকে ঢাকাসহ ময়মনসিংহ রেলপথে সহজে যাতায়াত করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রহ্মপুত্র ও যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক তপন বণিক আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি উদ্বোধন করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাজী আফতাব উদ্দিন আহমেদ।

বক্তারা বলেন, শিল্পাঞ্চলখ্যাত শ্রীপুর উপজেলায় প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ী যাতায়াত করেন। ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রাবিরতির ফলে রাজধানী ঢাকা ও দেশের উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ, দ্রুত ও সময় সাশ্রয়ী হবে। এতে দীর্ঘদিনের ভোগান্তি কমবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রেলওয়ে কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আরও বলেন, তিন বছর ধরে ধারাবাহিক আন্দোলন, গণসংযোগ ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের মাধ্যমে শ্রীপুরবাসীর যৌক্তিক দাবি অবশেষে বাস্তবায়িত হয়েছে। এতে উপজেলার যাত্রীদের যাতায়াত সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে।

স্থানীয় যাত্রীরা জানান, এই সিদ্ধান্ত তাদের সময় ও অর্থ দুইই সাশ্রয় করবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন