বাঘাইছড়িতে নির্বাচনী নিরাপত্তা জোরদারে বিজিবির দিনব্যাপী বিশেষ মহড়া

বাঘাইছড়িতে নির্বাচনী নিরাপত্তা জোরদারে বিজিবির দিনব্যাপী বিশেষ মহড়া

মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় করতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর ব্যবস্থাপনায় দিনব্যাপী পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন (STX) ও চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) মারিশ্যা জোন সদর প্রশিক্ষণ মাঠে আয়োজিত এই মহড়ায় বিজিবির বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের রণকৌশল ও প্রস্তুতি প্রদর্শন করেন।

মারিশ্যা জোন কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি-এর নেতৃত্বে এই মহড়া পরিচালিত হয়। অনুশীলনে নির্বাচনী সময়ে সম্ভাব্য সহিংসতা, রাজনৈতিক বিশৃঙ্খলা বা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার কৌশল রপ্ত করা হয়। বিশেষ করে দাঙ্গা নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পার্বত্য দুর্গম এলাকায় দ্রুত মোতায়েন সংক্রান্ত বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদর্শন করা হয়। বিজিবি সদস্যদের পেশাগত দক্ষতা যাচাই এবং বিভিন্ন ইউনিটের মধ্যে কৌশলগত সমন্বয় বৃদ্ধি করাই ছিল এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য।

অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি ও সম্প্রীতি বজায় রাখতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আমাদের সদস্যরা সর্বাত্মকভাবে প্রস্তুত। যেকোনো ধরনের নাশকতা রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

এই প্রশিক্ষণ অনুশীলনে মারিশ্যা ব্যাটালিয়নের পদস্থ কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা এবং বিভিন্ন পদবীর বিপুল সংখ্যক বিজিবি সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নির্বাচনের আগে বিজিবির এমন সুসংগঠিত ও বাস্তবসম্মত মহড়া প্রত্যক্ষ করে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের প্রস্তুতিমূলক কর্মকাণ্ড নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন