ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোহাম্মদ আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার: কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন বিএনপিরই ৩ জন প্রভাবশালী নেতা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তারা এখন দলীয় প্রার্থীদের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর এই চিত্র স্পষ্ট হয়েছে।
বিদ্রোহী প্রার্থীরা হলেন:
কুমিল্লা-২ (হোমনা-তিতাস): এখানে বিএনপির দলীয় প্রার্থী কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তার বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস এম এ মতিন খান। তিনি পেয়েছেন ‘তালা’ প্রতীক।
কুমিল্লা-৭ (চান্দিনা): এই আসনে এলডিপির সাবেক মহাসচিব ড. রেদওয়ান আহমেদ বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন। তবে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম। তিনি পেয়েছেন ‘কলস’ প্রতীক।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ): এখানে দলীয় প্রার্থী কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা। তিনি পেয়েছেন ‘ফুটবল’ প্রতীক।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ৩ আসনে বিএনপির ভোট ব্যাংক ভাগ হয়ে যেতে পারে, যা দলীয় প্রার্থীদের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। প্রতীক পাওয়ার পর স্বতন্ত্র এই প্রার্থীরা নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসান সাংবাদিকদের জানান, কুমিল্লার ১১টি আসনে মোট ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৫টি রাজনৈতিক দলের ৭৬ জন প্রার্থী এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া হাইকোর্টের আদেশ নিয়ে আসা আরও একজন প্রার্থীর বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ