ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিবাহবিচ্ছেদের জেরে প্রিয়তা (২০) নামে এক নারী পোশাক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তার সাবেক স্বামী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হানু মার্কেট এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক স্বামী মো. আনোয়ারুল ইসলামকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত প্রিয়তা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রহেলা গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে। তিনি ধনুয়া এলাকায় ভাড়া থেকে রিদিশা পোশাক কারখানায় কাজ করতেন। অভিযুক্ত আনোয়ারুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর উপজেলার ডাইলের বাজার এলাকার মো. আকরাম আলীর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে পারিবারিকভাবে আনোয়ারুলের সঙ্গে প্রিয়তার বিয়ে হয়। তাদের তিন বছরের একটি ছেলেসন্তান রয়েছে। আনোয়ারুল মাদকাসক্ত হওয়ায় তাদের সংসারে দীর্ঘদিনের কলহ ছিল, যার জেরে তিন মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বৃহস্পতিবার দুপুরে কারখানা থেকে খাবার খেতে বাসায় ফেরার পথে আনোয়ারুল প্রিয়তার পথরোধ করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রিয়তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সাবেক স্বামীকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। তালাক দেওয়ার ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকালে আনোয়ারুলকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এম.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ