রংপুরে ১১ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত

রংপুরে ১১ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত

আবু রায়হান, রংপুর ব্যুরো: আগামী ২৫ এপ্রিল ১১ দলীয় জোটের আহ্বানে ঘোষিত বিক্ষোভ মিছিল ও পথসভা সফল করার লক্ষ্যে রংপুরে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর শাপলা চত্বর এলাকায় জামায়াতের দলীয় কার্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খানের সভাপতিত্বে সভায় বর্তমান সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করা হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "জুলাই গণভোটের রায় সরকার যথাযথভাবে বাস্তবায়ন করেনি। উল্টো ক্ষমতার আসার পর থেকে সরকার জনগণের রায়কে উপেক্ষা করে কার্যত বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে এবং জনগণের সাথে প্রতারণা করছে।" তিনি জুলাই আন্দোলনের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত অধিকার প্রতিষ্ঠার দাবিতে ২৫ এপ্রিলের কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, মাওলানা শাহজাহান সিরাজ; এবি পার্টির মহানগর সদস্য সচিব মাহবুবার রহমান; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক আল মামুন ও ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক আবু রেজা; মহানগর সদস্য সচিব আব্দুল মালেক; বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি ইব্রাহীম খলিল ও জেলা সভাপতি মাওলানা নুর আলম সিদ্দিকী; খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আগামী ২৫ এপ্রিলের বিক্ষোভ মিছিল ও পথসভা শান্তিপূর্ণভাবে সফল করার জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে সর্বস্তরের সাধারণ মানুষকে এই প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন