উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ

উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ

মো: কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজস্ব ফাঁকি দিয়ে আনা অবৈধ পণ্য খালাসের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক। 

বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় অন্তত তিনজন সাংবাদিক আহত হয়েছেন এবং তাঁদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালসাবাড়ী এলাকায় গোপনে ভারত থেকে আনা 'হাইব্রিড সিল্ক সুতা' খালাস করা হচ্ছিল। রাজস্ব ফাঁকির এই সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে ঘটনাস্থলে যান কয়েকজন সাংবাদিক। অভিযোগ উঠেছে, এ সময় আলামিন জোয়াদ্দার ও তাঁর সহযোগীরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক শ্যামল বাংলা পত্রিকার প্রতিনিধি তুহিন আলম, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আতাউর রহমান রাজু এবং গ্রীন টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম। হামলাকারীরা তাঁদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ভাঙচুর চালায়।

এ ঘটনায় দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আতাউর রহমান রাজু বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, সাংবাদিকদের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন