গোপালগঞ্জ মেডিকেল কলেজে তীব্র জনবল সংকট

গোপালগঞ্জ মেডিকেল কলেজে তীব্র জনবল সংকট

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ: গোপালগঞ্জ মেডিকেল কলেজে জনবল সংকট প্রকট আকার ধারণ করায় স্বাস্থ্যসেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসক ও সুযোগ-সুবিধার অভাবে রোগীরা উপযুক্ত সেবা থেকে বঞ্চিত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা খুলনা মুখী হতে বাধ্য হচ্ছেন।

সাবেক সরকারের আমলে ২০১১ সালে ৫৫ একর জমির ওপর এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়। তবে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি স্বল্প জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। বর্তমানে ৫০০ জন রোগীর বিপরীতে যেখানে ৫৫ জন চিকিৎসক থাকার কথা, সেখানে কর্মরত আছেন মাত্র ১৫ জন। এ ছাড়া হাসপাতালে প্রয়োজনীয় পানি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থার অভাবে রোগীরা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন।

গোপালগঞ্জ মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. নিয়াজ মাহমুদ বলেন, “জনবল বৃদ্ধির বিষয়টি নিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন পাঠিয়েছি। আশা করছি দ্রুত এর সমাধান হবে।”

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর জানান, “আমার নির্বাচনী অঙ্গীকারই হলো গোপালগঞ্জ মেডিকেল কলেজকে একটি আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং আগামী বাজেটের পরপরই উন্নয়নের কাজ শুরু হবে। চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।”

গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাহারুল হক বাবলু হাসপাতালের এই জরাজীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “মেডিকেল কলেজের এই দন্যদশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করছি।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন