শিল্পপ্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করা হবে: শ্রমমন্ত্রী

শিল্পপ্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করা হবে: শ্রমমন্ত্রী

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: অগ্রাধিকার ভিত্তিতে শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত কার্ডের মাধ্যমে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী আশ্বস্ত করে বলেন, "শিল্পে কার্ডের মাধ্যমে তেল সরবরাহ করায় অন্যান্য যানবাহনের চালকদের সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না। দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।" তিনি আরও উল্লেখ করেন যে, বহির্বিশ্বের সঙ্গে সমন্বয় করেই তেলের দাম নির্ধারণ করা হয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর, সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে এই সভার আয়োজন করা হয়। মন্ত্রী জানান, শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস সন্তোষজনকভাবে এবং দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন এবং গাজীপুর জেলা প্রশাসক নূরুল কবির ভূঁইয়া।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন