শ্যামনগরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪

শ্যামনগরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪

মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বসতবাড়ির সীমানা ও জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে শ্যামনগর পৌরসভার গুমানতলী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুমানতলী গ্রামের আজিজুল গাজীদের সঙ্গে নজরুল গাজীদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। বুধবার সকালে বসতবাড়ির সীমানা বেড়া দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে নজরুল ও মোশাররফের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল অন্য পক্ষের ওপর হামলা চালায়। এতে দা, সাবল ও চাইনিজ কুড়ালের আঘাতে বেশ কয়েকজনের মাথা ফেটে যায় এবং হাত-পা ভেঙে যায়।

আহতদের মধ্যে রয়েছেন আজিজুল গাজী, আজবাহার গাজী, আকবর আলী গাজী, সিদ্দিক গাজী, জাহানারা বেগম, তাসলিমা খাতুন, আজগার আলী, আমেনা খাতুন, ফজলুর রহমান, নাছিম হোসাইন ও আবু ইছা। আহত ১৪ জনের মধ্যে ১১ জনই আজিজুল গাজীর পক্ষের এবং ৩ জন নজরুল গাজীর পক্ষের বলে জানা গেছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. স্নিগ্ধা জানান, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। তাঁদের মাথায় প্রচণ্ড আঘাত (হেড ইনজুরি) থাকায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান জানান, জমি নিয়ে মারামারির বিষয়টি পুলিশ অবগত আছে। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন