আখাউড়ায় নতুন ইউনিয়নের দাবিতে গণশুনানি

আখাউড়ায় নতুন ইউনিয়নের দাবিতে গণশুনানি

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ভৌগোলিক দূরত্ব ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে নাগরিক সেবা সহজতর করতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৬টি গ্রাম নিয়ে নতুন ‘বরিশল ইউনিয়ন’ গঠনের জোরালো দাবি উঠেছে। একইসঙ্গে ইউনিয়নটিকে সদর উপজেলা থেকে বিযুক্ত করে আখাউড়া উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বরিশল ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল গণশুনানিতে স্থানীয় হাজারো মানুষ এই দাবি তুলে ধরেন। প্রস্তাবিত নতুন ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো— বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, কোড়াবাড়ি, শ্যামনগর ও চান্দি। বর্তমানে এই গ্রামগুলো সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত। স্থানীয়দের দাবি, জেলা সদরে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় লাগলেও আখাউড়া যেতে সময় লাগে মাত্র ২-৩ মিনিট। এই ভৌগোলিক বিড়ম্বনার কারণে তাঁরা শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসন এই তদন্ত ও গণশুনানির উদ্যোগ নেয়। গণশুনানি শেষে জেলা প্রশাসক মো. আবু সাঈদ স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, "আখাউড়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। যোগাযোগের সুবিধা ও জনস্বার্থ বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

নতুন এই ইউনিয়ন গঠনের প্রস্তাবটি উত্থাপন করেছেন জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কবীর আহমেদ ভুইয়া। বর্তমানে লন্ডনে অবস্থানরত এই নেতা মুঠোফোনে জানান, এই অঞ্চলের মানুষের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড আখাউড়াকেন্দ্রিক হওয়ায় প্রশাসনিক জটিলতা দূর করতেই তিনি এই প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দিয়েছিলেন। উল্লেখ্য, জনস্বার্থে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল কিংবা কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নকেও আখাউড়ার সঙ্গে যুক্ত করার একটি সম্ভাবনা নিয়ে প্রশাসনিক পর্যায়ে আলোচনা চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন