৪ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: গ্রেপ্তার ৩

৪ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: গ্রেপ্তার ৩

মোঃ শাহারিয়ার (সোহেল), বিশেষ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বোন, ভাগ্নে ও ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদের পর তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পুলিশ এই ঘটনায় ব্যবহৃত রক্তমাখা চাপাতিটিও উদ্ধার করেছে।

নওগাঁ জেলা পুলিশ, পিবিআই, ডিবি ও নিয়ামতপুর থানা পুলিশের সমন্বিত জিজ্ঞাসাবাদের মুখে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তরা মুখ খোলেন। আটক শাহীন, সবুজসহ অন্য অভিযুক্তরা স্বীকার করেছেন যে, তাঁরাই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হত্যাকাণ্ডের পর তাঁরা ব্যবহৃত চাপাতিটি পাশের একটি পুকুরে ফেলে দিয়েছিলেন, যা পুলিশ বিশেষ কৌশলে উদ্ধার করেছে।

হত্যাকাণ্ডের খবর ও আসামিদের স্বীকারোক্তির পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বুধবার (২২ এপ্রিল) লাশগুলোর ময়নাতদন্ত শেষে নিহতের বাড়ির উঠানে দাফন সম্পন্ন হয়েছে। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে এখনো শত শত মানুষ সেখানে ভিড় করছেন।

মামলায় এজাহারভুক্ত তিন আসামিকেই গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে ব্রিফিং করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়, তবে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন