মাধবপুরে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

মাধবপুরে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল নেশাজাতীয় মাদকসহ আকলিমা আক্তার (২৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

বুধবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল বেজুড়া গ্রামের রতন মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে ঘর থেকে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়। মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে রতন মিয়ার স্ত্রী আকলিমাকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন