ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে নিখোঁজ হওয়ার তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামের এক সন্ন্যাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্থানীয় লোকজন পাহাড়ি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেন। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত নয়ন দাশ খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার 'নাগ পঞ্চমী মন্দির'-এর সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর স্থায়ী বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোহাজারী এলাকায়। পরিবারের দাবি, গত ১৯ এপ্রিল রাত ৯টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি নয়ন দাশকে তাঁর বসতঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
নিখোঁজের পর ২০ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করে পরিবার। পরে বুধবার দুপুরে স্থানীয়দের একটি দল মন্দিরের পূর্ব পাশের দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালানোর সময় একটি গাছের সঙ্গে গলায় চাদর পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ