‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের দাবিতে নোবিপ্রবিতে দেয়াল লিখন

‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের দাবিতে নোবিপ্রবিতে দেয়াল লিখন

নোবিপ্রবি প্রতিনিধি: জামায়াত-শিবিরের ‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদল। 

বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, উপাচার্যের বাসভবন ও মূল ফটকসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই কর্মসূচি পালন করা হয়।

শাখা ছাত্রদলের নেতারা জানান, সম্প্রতি চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত রাজনীতি’ বিরোধী দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি হাতে নিয়েছেন। এদিন প্রশাসনিক ভবনে উপাচার্যের কক্ষের সামনেও ‘গুপ্ত’ লিখে প্রতিবাদ জানান তাঁরা।

ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে ছাত্রদলের কর্মীদের লেখা বিভিন্ন প্রতিবাদী স্লোগান চোখে পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘গুপ্ত রাজনীতির দিন শেষ, সবার আগে বাংলাদেশ’, ‘সব দেয়ালে লিখে দে, গুপ্ত দেখলে থুতু দে’, ‘দড়ি ধরে মারো টান, গুপ্ত হবে খান খান’ এবং ‘গুপ্ত ছাত্রলীগ- No Entry’।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, "৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা ইতিবাচক রাজনীতির প্রত্যাশা করেছিলাম। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে প্রতিবাদের ভাষা সহিংসতার দিকে গড়িয়েছে। শক্তির রাজনীতি অব্যাহত থাকলে ছাত্রদল রাজপথে এর কঠোর জবাব দেবে।"

অন্যদিকে, সভাপতি জাহিদ হাসান বলেন, "চট্টগ্রাম সিটি কলেজে ন্যাক্কারজনক হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে একটি উগ্র মৌলবাদী গোষ্ঠী এখনো গুপ্ত রাজনীতি সচল রাখতে চায়। নোবিপ্রবিতে কোনো ধরনের গুপ্ত তৎপরতা চলতে দেওয়া হবে না। আমরা এই অপরাজনীতির মূল উৎপাটনে দৃঢ়প্রতিজ্ঞ।"

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন