‘বোর্ড অব পিস ফর গাজা’-তে যোগ দিতে এরদোয়ানকে ট্রাম্পের আমন্ত্রণ

‘বোর্ড অব পিস ফর গাজা’-তে যোগ দিতে এরদোয়ানকে ট্রাম্পের আমন্ত্রণ

‘বোর্ড অব পিস ফর গাজা’-তে যোগ দিতে এরদোয়ানকে ট্রাম্পের আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস ফর গাজা’-তে যোগ দেওয়ার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বোর্ডটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছে তুরস্ক সরকার।

তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, গত ১৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এরদোয়ানকে বোর্ডটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গাজা সংকটের স্থায়ী অবসানে ঘোষিত একটি সমন্বিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবেই এই বোর্ড গঠন করা হচ্ছে।

দুরান আরও জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮০৩ গাজা সংঘাত অবসানের এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে। ট্রাম্প ঘোষিত উদ্যোগের আওতায় ইতোমধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর পরবর্তী ধাপে গাজার নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রম তদারকির লক্ষ্যে ‘বোর্ড অব পিস ফর গাজা’ এবং এর অধীন একাধিক সংস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এই বোর্ডের মূল দায়িত্ব হবে গাজায় শান্তি বজায় রাখা, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, মানবিক সহায়তা সমন্বয় এবং অবকাঠামো পুনর্গঠনের কাজ তদারকি করা। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে গাজাকে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার পথে এগিয়ে নেওয়াও বোর্ডটির অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগে তুরস্ককে অন্তর্ভুক্ত করার মাধ্যমে গাজা ইস্যুতে আঞ্চলিক কূটনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে চায় ওয়াশিংটন। মুসলিম বিশ্বে তুরস্কের প্রভাব এবং মধ্যপ্রাচ্য রাজনীতিতে এর সক্রিয় ভূমিকা বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও মনে করছেন তারা। একই সঙ্গে গাজার পুনর্গঠন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়ানোর কৌশল হিসেবেও ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগকে দেখা হচ্ছে।

মন্তব্য করুন